ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে পিতা-পুত্রের মধ্যে সংঘর্ষের ঘটনায় পিতা খোকা মিয়া গুলিবিদ্ধসহ আরও দুইজন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাটি সম্প্রতি উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকায় ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল । এরই জেরে পিতা খোকা মিয়া ও তার ছেলে রানার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে গুলির ঘটনা ঘটলে খোকা মিয়া গুলিবিদ্ধ হন এবং এতে আরও দুইজন আহত হন।
আহতদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুলিবিদ্ধ খোকা মিয়ার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ ঘটনায় খোকা মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা নং (৩০), তারিখ ১৬/০৪/২০২৬ ইং দায়ের করেছেন। এজাহারে তিনি একাধিক ব্যক্তিকে আসামি করে অভিযোগ দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এতে অস্ত্র ব্যবহার করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভালুকা মডেল থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।
ভালুকায় ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ: গুলিবিদ্ধ পিতাসহ আরও দুই জন আহত, এঘটনায় থানায় মামলা দায়ের
প্রকাশিতঃ এপ্রিল ১৭, ২০২৬, ০৮:৪৩