মুহাম্মদ নজরুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে : তেল নিতে গতকাল রাত সাড়ে ১১ টায় শহরের পার্ক ফিলিং স্টেশনের লাইনে দাড়িয়েছেন ট্রাক চালক আকবর আলী। পরের দিন শুক্রবার ( ১৭ এপ্রিল ) সকাল ৯ টার দিকে খাবার নিয়ে এসে গাড়ির ভিতর বসে খাচ্ছেন তিনি। সিরিয়ালে প্রায় ১শত গাড়ির পিছনে। কথা হয় তার সাথে। তার শঙ্কা, তেল দেওয়া শুরু করবে নাকি দুপুর ২ টার পর থেকে। শেষ পর্যন্ত তেল নিতে পারবে কিনা, পাম্পে তেল থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। এমন অভিযোগের ডালি পাম্পগুলোতে জ্বালানি তেল নিতে আসা শত শত মানুষের।
সিরাজগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে বাড়ছে ভোগান্তিও। প্রকট আকার ধারণ করছে জ্বালানি তেলের সংকট।
সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকেই পেট্রোল পাম্পগুলোতে প্রতিদিনের মতোই দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। বিভিন্ন যানের চালক-মালিকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন জ্বালানি পাওয়ার আশায়।
জ্বালানি নিতে আসা অনেকেই দাবি করেন, রাতভর পাম্পের সামনে অপেক্ষা করে সকালে সিরিয়ালের প্রথম দিকে থাকার চেষ্টা করছেন। কিন্তু তাতেও মিলছে না জ্বালানি তেলের নিশ্চয়তা।
তেল সরবরাহ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। যান চালকদের অভিযোগ, সকাল হলেই ভিআইপি সিরিয়াল নামে আলাদা একটি লাইন তৈরি হয়। এতে ক্ষুব্ধ ঘন্টার পর ঘন্টা সাধারণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষরা। তবে পাম্প কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেন।
জ্বালানি সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি, কোথায় কখন কতোটুকু তেল সরবরাহ করা হচ্ছে এ সংক্রান্ত তথ্য স্বচ্ছভাবে প্রকাশের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এদিকে, পাম্পগুলোর সামনে দাড়িয়ে থাকা যানবাহনের দীর্ঘ লাইনের কারণে সড়কে দেখা দিচ্ছে যানজট। রোদ-গরম আর যানবাহনের শব্দে শরীর-মন যেন অতিষ্ঠ অপেক্ষারত চালকদের।