মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং লাভজনক দুগ্ধ খামার গড়ে তোলার লক্ষ্যে “অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন” শীর্ষক একদিনব্যাপী খামারি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) উপজেলার চন্ডিপাশা ইউনিয়নে কনফারেন্স রুমে ব্র্যাকের কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এতে উপজেলার বিভিন্ন এলাকার গবাদিপশু পালনকারী খামারিরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে গাভীর খাদ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি, প্রাণির স্বাস্থ্যসেবা, খামারের পরিচ্ছন্নতা এবং সঠিক রেকর্ড সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা প্রদান করা হয়। বিশেষভাবে অধিক দুধ উৎপাদন ও খামারের লাভজনকতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মান্নান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের ময়মনসিংহ রিজিয়ন এর রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ আবুল হোসেন খান। সঞ্চালনা করেন এরিয়া সেলস ম্যানেজার মোঃ আকবর আলী এবং অ্যাসোসিয়েট অফিসার মোঃ লিয়ন মিয়া।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক পরিচর্যা, উন্নত প্রজনন প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খামারকে আরও লাভজনক করা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ খামারিদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
প্রশিক্ষণে রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব খামার পরিচালনার বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়।
অংশগ্রহণকারীদের আগ্রহ ও সম্পৃক্ততা বাড়াতে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতাও।
কুইজ প্রতিযোগিতার মাধ্যমে খামারিদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, খামারিদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।