রকসী সিকদার, চট্টগ্রাম : চট্টগ্রাম সিএমপির কোতোয়ালী থানা এলাকায় এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষক কে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
আজ সোমবার (১১ মে) ভুক্তভোগী ছাত্রের মায়ের
দায়ের করা এজাহার আমলে নিয়ে অভিযুক্ত শিক্ষক কে গ্রেফতার করে এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায় ১০ বছর বয়সী ভুক্তভোগী কোতোয়ালী থানার খলিফাপট্টি এলাকার মারকাযুল কোরআন ওয়াচ্ছুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। মামলার আসামি আব্দুল্লাহ বিন হুমায়ুন (১৬) ওই মাদ্রাসারই আবাসিক এলাকায় থাকতো।
এজাহার সূত্রে আরও জানা যায় গত বছরের নভেম্বর মাস থেকে শুরু করে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে ভুক্তভোগী ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে নিজের অফিস কক্ষে ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার বলাৎকার করা হয়। লোকলজ্জা ও ভয়ে শিশুটি এতদিন বিষয়টি গোপন রাখলেও সম্প্রতি ঘটনাটি জানাজানি হয়।
এরপর ভিকটিমের মা শারমিন সুলতানা বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ-২০২৫) এর ৯(১) ধারায় একটি মামলা (মামলা নং-১৩) দায়ের করে।
মামলা দায়েরের পরপরই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় অভিযানে নামে কোতোয়ালী থানা পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এসআই আশরাফ ছিদ্দিকী ও তাঁর চৌকস দল খলিফাপট্টি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল্লাহ বিন হুমায়ুনকে তার বাসা থেকে গ্রেফতার করে।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।