ব্র্যাকের সেবায় ২ কোটি ৬০ লাখ মানুষ, দারিদ্র্য বিমোচন থেকে জলবায়ু মোকাবিলায় বড় অগ্রযাত্রা

প্রকাশিতঃ মে ১১, ২০২৬, ১৭:২৪

স্টাফ রিপোর্টার
দেশের প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষ ২০২৫ সালে ব্র্যাকের বিভিন্ন সেবা ও সহায়তার আওতায় এসেছে, যা বাংলাদেশের প্রতি সাতজন মানুষের মধ্যে একজনের সমান। এর মধ্যে ১ কোটি ৯০ লাখ নারী এবং ১ লাখ ২৩ হাজারের বেশি প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নিরাপদ পানি ও স্যানিটেশন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দক্ষতা উন্নয়নসহ নানা ক্ষেত্রে এসব সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রকাশ করা হয় ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন। অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ প্রতিবেদনটির গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
প্রতিবেদন অনুযায়ী, প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে ক্ষুদ্রঋণ, আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন ও দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে বড় পরিসরে কাজ করেছে ব্র্যাক। গত পাঁচ বছরে প্রায় ১ হাজার কোটি টাকার সম্পদ সহায়তা দেওয়ার মাধ্যমে ৩ লাখ ১২ হাজার পরিবার অতিদারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। একই সময়ে ঋণ সহায়তার পরিমাণ ২৯ হাজার কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৪৮ হাজার কোটি টাকায়।
স্বাস্থ্য খাতে কমিউনিটি ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ২১ লাখ মা নিরাপদ প্রসবসেবা পেয়েছেন। এছাড়া ৩৫ লাখ মানুষের অসংক্রামক রোগ, প্রতিবন্ধিতা ও চোখের সমস্যা শনাক্ত করা হয়েছে এবং ১০ লাখের বেশি যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় এসেছে।
শিক্ষা খাতে গত পাঁচ বছরে ৬ লাখ ৪৪ হাজার শিক্ষার্থী ব্র্যাকের শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছে, যাদের ৫৬ শতাংশই ছাত্রী। একই সঙ্গে ১ হাজার ৭৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ লাখের বেশি শিক্ষার্থীর জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও হাত ধোয়ার সুবিধা নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় প্রায় ১১ লাখ পরিবার মানবিক সহায়তা পেয়েছে। এছাড়া ১ লাখ ৩৩ হাজার পরিবার জলবায়ু অভিযোজন সহায়তা এবং ১ লাখ ৫ হাজারের বেশি মানুষ জলবায়ু সহিষ্ণু প্রযুক্তির মাধ্যমে নিরাপদ পানির সুবিধা পেয়েছে।
নারী ও সামাজিক ক্ষমতায়নের অংশ হিসেবে পাঁচ বছরে ৯৮ হাজার ৬০০ নারী ও শিশু নির্যাতনের অভিযোগ নথিভুক্ত ও আইনি সহায়তা পেয়েছেন। পাশাপাশি ২০২৫ সালে ২ হাজার ২৩৭টি বাল্যবিয়ে প্রতিরোধে সরাসরি ভূমিকা রেখেছে ব্র্যাকের বিভিন্ন কর্মসূচি।
আগামী পাঁচ বছরে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। পরিকল্পনার মধ্যে রয়েছে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি, ২ কোটি মানুষকে আর্থিক সেবার আওতায় আনা, ২০০টি নতুন আর্থিক সেবাকেন্দ্র চালু এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ ২০ জেলায় বিশেষ কর্মসূচি বাস্তবায়ন।
এদিকে দেশের প্রথম বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক ফিন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস (আইএফআরএস) এস১ ও এস২ ডিসক্লোজার রিপোর্টও প্রকাশ করেছে ব্র্যাক। এতে পরিবেশবান্ধব উন্নয়ন, কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু সহিষ্ণু উদ্যোগের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।
ব্র্যাক জানিয়েছে, তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপন, প্লাস্টিক রিসাইক্লিং, প্রকৃতিনির্ভর সমাধান এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় বড় ধরনের অবদান রাখার লক্ষ্য নিয়ে কাজ চলছে।