রামুতে বিশেষ অভিযানে অপহরণ-ডাকাতিসহ একাধিক মামলার দুই আসামি গ্রেফতার

প্রকাশিতঃ মে ১১, ২০২৬, ১৬:৪৫

কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপহরণসহ বিভিন্ন মারাত্মক অপরাধে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করেছে রামু থানা পুলিশ।

অদ্য ১১ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকেলে রামু থানার একটি চৌকস আভিযানিক দল রশিদনগর এলাকায় অভিযান চালিয়ে অপহরণ, ডাকাতি, অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মঞ্জুর আলম ওরফে মঞ্জু ডাকাত (৩৮) এবং মোস্তাক (৪৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা রামুসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, চুরি, ছিনতাই ও অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
থানার নথি পর্যালোচনায় দেখা যায়, মঞ্জুর আলমের বিরুদ্ধে রামু ও কক্সবাজার সদর থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে। অন্যদিকে মোস্তাকের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, সরকারি কাজে বাধা, গুরুতর আঘাত, অস্ত্র আইন এবং হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।