এস,এম সিপার, পিরোজপুর প্রতিনিধি: যুক্তরাজ্যের রামসগেট কেন্ট শহরের মেয়রের কার্যালয়ে কাউন্সিলরদের বার্ষিক সভায় ৯৯ ভাগ সমর্থন পেয়ে পঞ্চমবারের মতো বুধবার ( ৬মে) মেয়র নির্বাচিত হয়েছেন রৌশন আরা দোলন। পিরোজপুরের পৌর এলাকার সিআই পাড়ার ইংল্যান্ড প্রবাসী ব্যবসায়ী রেজাউর রহমান জামানের স্ত্রী তিনি। তিনিই প্রথম বাঙালি নারী যিনি এই সিটিতে ৫ বার মেয়র হয়েছেন৷
রেজাউর রহমান পিরোজপুর শহরের সিআইপাড়া এলাকার প্রয়াত আফসার উদ্দিনের ছেলে। আফসার উদ্দিনের আদি বাড়ি ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামে।
রৌশন আরা দোলন জানান, রামসগেটের স্থানীয় সময় অনুসারে বুধবার (৬ মে) সন্ধ্যা ৭ টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ৯৯ ভাগ ভোট তিনি পেয়েছেন। পঞ্চমবারের মতো রামসগেটের প্রতিনিধিত্ব করার এই সুযোগকে অত্যন্ত সম্মানের উল্লেখ করে তিনি বলেন, শহরের স্বেচ্ছাসেবক, সংগঠক এবং দাতব্য সংস্থাগুলোসহ সকল বাসিন্দাদের প্রতি আমি কৃতজ্ঞ। সকলের সহযোগিতায় রামসগেটকে বসবাসের জন্য আরও একটি সুন্দর জায়গা করে তুলতে অতিতের থেকেও ভালো কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে।
জানা গেছে, রামসগেট শহরের তিনিই প্রথম এশিয়ান মেয়র হিসাবে ইতিহাস রচনা করেছেন। এর আগে ২০১৯ সালে তিনি প্রথম রামসগেটের মেয়র নির্বাচিত হন। এরপর থেকে টানা পাঁচ বার তিনি এ পদে জয় লাভ করে আসছেন। মানবিক কর্মকান্ডে নিজেকে যুক্ত রাখায় ওই শহরের সর্বস্তরের জনসাধারনের কাছে তিনি বিশেষ গুরুত্বের স্থান দখল করে নিয়েছেন। গৃহহারা মানুষদের গৃহের ব্যবস্থা করে তিনি প্রথম আলোচনায় আসেন। করোনাকালে তার কর্মকাণ্ড বিশেষ ভাবে প্রশংসিত হয়। এছাড়া শহরের পরিচ্ছন্নতার জন্যও তিনি বেশ নাম কুড়িয়েছেন।
এদিকে রৌশন আরা দোলন ১৯৭৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় মা-বাবার সঙ্গে যুক্তরাজ্যে চলে যান। সেখানে উচ্চশিক্ষা শেষ করে তিনি বিভিন্ন সামাজিক কাজে অংশ নেন।
২০১৭ সালে যুক্তরাজ্যে লেবার পার্টির সাংসদ প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।
২০১৯ সালের ২০ মে ইংল্যান্ডের রামসগেট সিটি নির্বাচনে তিনি প্রথম মেয়র নির্বাচিত হন।
তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যে সমানে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। রামসগেট তান্দুরি নামের একটি রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে রৌশন ও জামান দম্পতির। ব্যক্তি জীবনে রওশন আরা দুই পুত্রের জননী। তার বড় ছেলে রাইভী শামস রহমান ইংল্যান্ডের ডিপার্টমেন্ট ফর এডুকেশনের একজন আইন উপদেষ্টা। ছোট ছেলে জুনায়েদ রহমান কলেজ পড়ুয়া।
রৌশন আরা দোলন সিঙ্গাইরের তালেবপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামের ইঞ্জিনিয়ার রজ্জব আলীর মেয়ে।