গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় ব্যালেন্ডার মেশিনে মসলা গুড়ো করার সময় বিদ্যুৎস্পৃষ্টে জ্যোতিষ চন্দ্র বর্মন মনা (৩২) নামে এক চা বিক্রেতা মারা গেছেন।
শনিবার (২৫ এপ্রিল) সকালে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জ্যোতিষ চন্দ্র বর্মন মনা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া পচাবস্তা গ্রামে সুরেন্দ্র চন্দ্র বর্মন ঘুতুর ছেলে। তিনি মথরপাড়া বটতলা বাজারে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে জ্যোতিষ চন্দ্র নিজ ঘরে ব্যালেন্ডার মেশিনে মসলা গুড়ো করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ লাইনে শর্টসার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
জ্যোতিষ ওই চায়ের দোকান করেই পরিবারের ভরণ-পোষণ চালাতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন জ্যোতিষ। তার বাবা-মা দুজনই দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত। তার মৃত্যুতে পরিবারটি অসহায় অবস্থায় পড়েছে।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।