কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ

প্রকাশিতঃ এপ্রিল ১৪, ২০২৬, ১৬:৪৪

 

মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জ প্রতিনিধি

শোভাযাত্রা ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩। পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৪এপ্রিল) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে গ্রামীণ ঐতিহ্য লাঙ্গল, জোয়াল, হুইটার, মাতলা ও পলো হাতে বৈশাখি পোষাক পড়ে বর্ণিল সাজে সজ্জিত হয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতাসহ নানা শ্রেনী-পেশার মানুষ স্বত:স্ফুর্তভাবে অংশ নেন।

বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য এড. মো. জালাল উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দীন, এমদাদুল হক ভুলু, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দীন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল আলম ছোটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল প্রমুখ। এছাড়াও পুলিশ ও প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য এড. মো. জালাল উদ্দীন।

আলোচনা সভা শেষে সেখানে শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে বর্ষবরণের গান, লাঠি খেলা, জারি গান ও নাটক পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়।