সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

প্রকাশিতঃ এপ্রিল ১৪, ২০২৬, ১৬:০৯

রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ৮টায় জাতীয় সংগীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণিল বৈশাখী শুভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধরতে মাথাল, লাঙ্গল, কাস্তে ও পালকিসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। অংশগ্রহণকারীদের পোশাকে ছিল বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী ছাপ।
পরে উপজেলা সম্মেলন কক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। এছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সংগীত পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, কৃষি কর্মকর্তা মো. হাবিবুল বাশার চৌধুরী এবং থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিদের জন্য পান্তাভাত, বিভিন্ন ভর্তা, ভাজি ও রুই মাছসহ বাঙালি ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়। আগতদের গামছা দিয়ে বরণ করা হয়।
এছাড়া নববর্ষ উপলক্ষে সরকারি হাসপাতাল ও এতিমখানায় বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়।