গোপালপুরে প্রাথমিক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের অভিযোগ

প্রকাশিতঃ মে ৩, ২০২৬, ১৬:৫১

গোপালপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম হান্নানের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং অভিযুক্ত শিক্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম হান্নান বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীকে নানাভাবে উত্যক্ত করে আসছিল, আজ সকালে উক্ত ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে।
বিষয়টি জানাজানি হওয়ার পর অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আজ এলাকাবাসী ও সংক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসেন। তারা অভিযুক্ত প্রধান শিক্ষকের যথাযথ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মিছিল করেন।
বিক্ষোভকারীদের দাবি, একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয় এবং তাকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রধান শিক্ষক মো. রেজাউল করিম হান্নাম বলেন,আমি ষড়যন্ত্রের শিকার। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা এবং বানোয়াট। নিরপেক্ষ তদন্ত মাধ্যমে সঠিক চিত্র বের হয়ে আসবে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ভিক্টিম ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

গোপালপুর থানা পুলিশ জানায়, বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ভিক্টিমের জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।