নরসিংদী প্রতিনিধি: নরসিংদী রায়পুরা উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী এলাকায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্র, হত্যামামলা, চাঁদাবাজি ও দস্যুতাসহ ৯ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে এ্যাংকাকে গ্রেফতার করা হয়েছে| গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে বাঁশগাড়ী সাকিনস্থ চরমেঘনা গ্রামে তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে বসত ঘরের খাটিয়ার নিচে প্লাস্টিকের বস্তার মাঝে রক্ষিত অবস্থায় ৩টি ওয়ান সুটারগান, ৪ টি পিতল বুলেট ও ৩ টি কার্তুজ উদ্ধার করে অভিযানকারী দল|
নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ-আল-ফারুক এর নির্দেশে রায়পুরা থানা ও বাশঁগাড়ি তদন্ত কেন্দ্রের অফিসার ও ফোর্স এএসপি শিবপুর সার্কেল, অতিরিক্ত দায়িত্বে থাকা রায়পুরা সার্কেল মোঃ রায়হান সরকার, রায়পুরা থানা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান ও বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের একটি টিম এ অভিযান পরিচালনা করে উল্লেখিত শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে এ্যাংকাকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে উল্লেখিত অস্ত্রশস্ত্র উদ্ধার করেন| এব্যাপারে রায়পুরা থানায় একটি অস্ত্র মামলা রুজু করা হয়েছে|