গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত ৫, আহত ২

প্রকাশিতঃ এপ্রিল ২৬, ২০২৬, ১৬:৪০

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় পৃথক বজ্রপাতে এক শিক্ষার্থীসহ মারা গেছেন পাঁচজন৷এর মধ্য সুন্দরগঞ্জে একই সঙ্গে মৃত্যু হয় তিনজনের। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত দুইজন। পাশাপাশি বজ্রপাতে একটি ঘোড়া ও একটি গরুও মারা গেছে।

​রোববার (২৬ এপ্রিল) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে একসাথে তিনজনের মৃত্যু, একজন আহত ও একটি গরুর মৃত্যুর দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (৩৫) তার ছোট ভাই ছোটন মিয়ার ছেলে রাফি (১৩) এবং প্রতিবেশী নবীর হোসেনের ছেলে মিজান (৩০)। এ ঘটনায় আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। নিহত রাফি স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। মারা যাওয়া গরুটির মালিক সুজা চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আমানুল্লাহ।

​পুলিশ জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে আকাশ কালো মেঘে ঢেকে যায়। এ সময় ওই দুই তরুণ ও শিশু শিক্ষার্থী বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তারা। একই সময়ে মারা যায় পাশে থাকা একটি গরুও। ওই সময়ে আহত শামীম বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে,ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরার চরে বজ্রপাতে মানিক হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার শুক্কুর আলীর ছেলে।

ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান জানান, বজ্রপাতে মানিক গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এছাড়া একই উপজেলার ফজলপুর ইউনিয়নের বুলবুলির চরে আলী আকবর নামের এক কৃষক গরু চরাতে গিয়ে বজ্রপাতে আহত হয়েছেন বলে জানা গেছে।
অপরদিকে,জেলার সাঘাটা উপজেলায় বজ্রপাতে নম্বার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নম্বার আলী উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে।

বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করে জানান, আজ বিকেলে বৃষ্টির সময় বাড়ির পাশেই হঠাৎ বজ্রপাতের তিনি আহত হন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডা: তাকে মৃত ঘোষনা করেন।