পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় প্রেমে বাঁধা দেয়া ও মায়ের বকুনি খেয়ে অভিমান করে সপ্তম শ্রেণীর এক ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ২নং ওয়ার্ড সীতাবিধু গ্রামের ছনোয়ার বাড়িতে বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম টিসা আকতার (১৩)। সে উক্ত এলাকার আনু মিয়ার কন্যা। স্থানীয় সূত্রে জানা গেছে টিসা আকতার কচুয়াই চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে চন্দনাইশ উপজেলার এক ছেলের সাথে প্রেম করার বিষয় নিয়ে বিগত মাস দেড়েক পূর্বে টিসার মা নূর নাহার বেগম টিসাকে বকুনি দেয়। এ নিয়ে দ্বিতীয় দফায় বুধবার সকালে টিসাকে বকুনি দেয় তার মা। এতে অভিমান করে টিসা ঘরের বীমের খুঁটিতে গামছা পেঁচিয়ে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করে।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের এস.আই কামাল লোহানী লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। টিসার পিতা আনু মিয়া জানান আমি রাজমিস্ত্রির কাজ করি। ঘটনা কি হয়েছে জানি না, তবে শুনেছি টিসার মা টিসাকে বকাঝকা করায় সে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করেছে। এস.আই কামাল লোহানী জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টিসাকে ঘরের বীমের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছি।
এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক আলামতে আত্মহত্যার বিভিন্ন ধরণ সনাক্ত করা গেছে। এর বাইরে অন্য কোন কারণ থাকলে তা ময়না তদন্ত শেষে জানা যাবে।
তবে স্থানীয় লোকজন টিসা আত্মহত্যার বিষয়টি ভিন্ন চোখে দেখছে, এলাকার লোকজন টিসা আত্মাহত্যা নাকি হত্যা বিষয়টি তদন্ত করার দাবি জানান।
পটিয়ায় সপ্তম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা
প্রকাশিতঃ এপ্রিল ২২, ২০২৬, ১৬:১১