মোঃ আবুতালেব সিকদার রামু- কক্সবাজার প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে সশস্ত্র দুর্বৃত্তদের অপহরণকাণ্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গভীর রাতে রাবার বাগান থেকে তুলে নেওয়া তিন শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের আলীক্ষ্যং মৌজার একটি রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে তাদের অপহরণ করা হয়। পরে বিকেল প্রায় ৫টার দিকে যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন—টেকনাফ উপজেলার বাসিন্দা নুরুল ইসলাম (২৪), এনামুল হক (২৮) ও হাসান (২০)। তারা সবাই বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১২ থেকে ১৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল গভীর রাতে কোয়ার্টারে হানা দেয়। দরজা খুলতেই অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে তিনজনকে তুলে নিয়ে যায় তারা। এ সময় সেখানে নারী-পুরুষসহ মোট ১৩ জন অবস্থান করছিলেন।
ঘটনার পরপরই বাগান কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানায়। পরে পুলিশ ও বিজিবি যৌথভাবে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অপহৃতদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগেও একই এলাকায় অপহরণের ঘটনা ঘটেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। তবে সাম্প্রতিক ঘটনায় দ্রুত উদ্ধার অভিযানের ফলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মাঝে।