কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় আরও ১ জন গ্রেফতার

প্রকাশিতঃ এপ্রিল ২২, ২০২৬, ১৬:০৭

 

মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ফারুক মিয়া (৪৫) নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ২১এপ্রিল দিবাগত রাতে পৌর এলাকার টান লক্ষীয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক ওই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে। বুধবার (২২এপ্রিল) দুপুরে তাকে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে এ ঘটনায় গত রবিবার ও মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে একই এলাকার ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার ১৭এপ্রিল বিকেলে পাকুন্দিয়া পৌর এলাকার টান লক্ষীয়া মীরপাড়া গ্রামের একটি মাঠে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে টান লক্ষীয়া ও হাপানিয়া গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে শনিবার বিকেলে দেশীয় অস্ত্রসহ আবার সংঘর্ষে জড়ায় তারা। এসময় উত্তেজিত জনতা হাপানিয়া গ্রামের কয়েকটি বাড়ি ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করলে হামলার শিকার হয়। হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পাকুন্দিয়া ওসি এসএম আরিফুর রহমান, এসআই মশিউর রহমান ও কনস্টেবল জাহেদুর রহমানসহ চারজন পুলিশ সদস্যকে আহত করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।

ওই ঘটনায় ১৯ এপ্রিল গভীর রাতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাদি হয়ে থানায় একটি মামলা করেন। মামলায় ৩৯ জনের নাম উল্লেখ করে দুই গ্রামের ১ হাজারের বেশি লোককে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় ফারুক মিয়া ২৪ নম্বর আসামি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া ও পুলিশকে আঘাত করার ঘটনায় জড়িত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।