পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: এপেক্স বাংলাদেশ-এর ২০২৫ সালের “বেস্ট ক্লাব প্রেসিডেন্ট” নির্বাচিত হওয়া এবং একই সঙ্গে ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি পদে দায়িত্ব লাভ করায় এপে. আলমগীর আলমকে সংবর্ধনা দিয়েছে পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতি।
শনিবার (১৮ এপ্রিল) কক্সবাজার-এ এক আনন্দঘন পরিবেশে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আলম সওদাগর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকতার হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এপে. আলমগীর আলম তার দক্ষ নেতৃত্ব, মানবিক কর্মকাণ্ড এবং সংগঠনের প্রতি নিষ্ঠার মাধ্যমে জাতীয় পর্যায়ে যে সম্মান অর্জন করেছেন, তা শুধু ব্যক্তিগত অর্জন নয়—এটি পটিয়াবাসীর জন্যও গর্বের বিষয়।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি দেশের সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত অতিথিরা তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সংবর্ধিত অতিথি এপে. আলমগীর আলম বক্তব্যে পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি সবসময় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি শেষে এক মিলনমেলায় পরিণত হয়, যেখানে অংশগ্রহণকারীরা আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন।