শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় গিয়াস হাওলাদার (৩৫) নামের এক যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ ঘটনায় এলাকায় গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা গিয়াস হাওলাদারের মরদেহ দ্রুত দেশে এনে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। তার বাড়ি শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা গ্রামের মৃত আঃ ওহাব হাওলাদারের ছেলে। ৫ ভাই দুই বোনের মধ্যে গিয়াস হাওলাদার সবার ছোট।
গতকাল বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা ৩ টার দিকে কুয়ালালামপুর শহরে এ দুর্ঘটনা ঘটে। পরদিন তার মৃত্যুর খবর পায় পরিবার।
জানা গেছে, নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন গিয়াস হাওলাদার। পথিমধ্যে মালয়েশিয়ায় কুয়ালালামপুর শহরে পেছন থেকে একটি মালবাহী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র জানায়, গিয়াস হাওলাদার জীবিকার তাগিদে গত ১০ বছর আগে মালয়েশিয়ায় যান।।সেখানে তিনি একটি বস্ত্র কারখানাও গড়েছেন। মাঝে মাঝে তিনি দেশে আসতেন। আগামী মাসে তিনি দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন এবং আসার জন্য বিমানের টিকিটও ক্রয় করেছিলেন। দেশে ফিরে পারিবারিকভাবে তার বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার কথা ছিল। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে দিয়ে হঠাৎ ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান বলেন,’পরিবারের পক্ষ থেকে যদি সহযোগিতা চাওয়া হয় তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”