নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার (১৭) নামে এক কলেজছাত্র নদীতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে| গতকাল সোমবার দুপুরের দিকে শহরের নাগরিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে|
মাহির ঢাকার বিএএফ শাহীন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং পশ্চিম কাজীপাড়া মিরপুর ঢাকার জহিরুল ইসলামের ছেলে বলে জানা গেছে|
মাহিরের বন্ধু ওয়ালী জানায়, সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএএফ শাহীন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার ৪/৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদীর নাগরিয়াকান্দী ব্রীজ ও ব্রীজ সংলগ্ন পার্কে ঘুরতে আসে| তারা বিভিন্ন স্থান ঘুরে দেখার এক পর্যায়ে নাগরিয়াকান্দি ব্রীজের নিচে মেঘনা নদীতে বেশ কয়েকজন গোসল করতে নামে| এ সময় সাঁতার না জানায় তার বন্ধু মাহির শাহরিয়ার ও আরো দুইজন নদীর গভীর পানিতে তলিয়ে যেতে থাকে| তার সাথী সঙ্গী বন্ধুরা এসময় দুই জনকে উদ্ধার করতে পারলেও মাহির শ্রোতে তলিয়ে যায়| সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়|
ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বেলা তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে| তারা অভিযান চালিয়ে নদী থেকে বিকেলে ৪ টায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে|
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোঃ রফি,পিএফএম বলেন, বিকাল চারটায় ডুবুরিররা নদী থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে| পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে|