নানা আয়োজনে পিরোজপুরে ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

প্রকাশিতঃ মে ১১, ২০২৬, ১৬:৩৩

পিরোজপুর প্রতিনিধিঃ আধুনিক গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রত্যয় নিয়ে সারাদেশের ন্যায়ে পিরোজপুরেও নানা আয়োজনে অনলাইন গণমাধ্যম এশিয়া পোস্ট এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

আজ সোমবার (১১ মে) সকাল ১১টার দিকে পিরোজপুর প্রেসক্লাবে এক আলোচনা সভা ও কেক কেটে উদ্বোধনী অনুষ্ঠান হয়। সভায় পিরোজপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক এর সভাপতিত্বে ও এশিয়া পোস্টের জেলা প্রতিনিধি নাছরুল্লাহ আল কাফী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আতাহার শাকিল।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জেলা সদস্য সচিব মো. আল আমিন খান, দৈনিক আমাদের সময় এর জেলা প্রতিনিধি খালেদ আবু, কৃষক দলের জেলা সভাপতি নাসির আহমেদ বাচ্চু ও ছাত্রদলের সাবেক জেলা সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম বাবু প্রমুখ।
এসময় পিরোজপুর প্রেসক্লাব ও পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সদস্যগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও আধুনিক সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জনই ‘এশিয়া পোস্ট’-এর মূল লক্ষ্য। তথ্যপ্রযুক্তিনির্ভর এই মাধ্যম দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমান সময়ে অনলাইন গণমাধ্যমই দ্রুত তথ্য প্রচারের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। তাই ‘এশিয়া পোস্ট’ দেশ-বিদেশের সংবাদ আরও সহজে ও সময়োপযোগীভাবে মানুষের কাছে পৌঁছে দেবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

প্রধান অতিথি আতাহার শাকিল বলেন “বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। এশিয়া পোস্ট সবসময় জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।
বিশেষ করে স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমটির আন্তরিক প্রচেষ্টা প্রশংসার দাবিদার। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কথা বলা একটি সাহসী দায়িত্ব, যা এশিয়া পোস্ট নিষ্ঠার সঙ্গে পালন করছে। আমি বিশ্বাস করি, গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে।
এশিয়া পোস্ট ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিরপেক্ষতার ধারাবাহিকতা বজায় রেখে দেশের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি আরও বলেন, এশিয়া পোস্টের জেলা প্রতিনিধি নাছরুল্লাহ আল কাফী একজন দায়িত্বশীল ও সাহসী সংবাদকর্মী হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরছেন।
তাঁর লেখনী সাধারণ মানুষের কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরে। আমি তার সাফল্য কামনা করি।