খাগড়াছড়িতে গুলি করে গণতান্ত্রিক ইউপিডিএফ সদস্যকে হত্যা

প্রকাশিতঃ মে ৭, ২০২৬, ০৮:১১

রকসী সিকদার: খাগড়াছড়ির পানছড়িতে দুর্বত্তরা গুলি করে হত্যা করে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য মোঃ ইমন হোসেন (২৫)কে। আজ বৃহস্পতিরার ভোর ৬টার দিকে ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ইমন ভোরে ঘরের সামনে হাটাহাটি করার সময়, দুর্বৃত্তরা এসে গুলি করে চলে যায়, এতে তার ঘটনাস্থলে মৃত্যু ঘটে।নিহত ইমন পানছড়ির মোহাম্মদপুর রুহুল আমিনের ছেলে।

এবিষয়ে ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ির সংগঠক অমর চাকমা বলেন,নিহত মোঃ ইমন হোসেন আমাদের দলের সহযোগী সদস্য। গতকাল রাতে সে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়িতে যায়। সকালে বের হলে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এসময় ঘটনাস্থলের তার মৃত্যু হয়। তিনি এ ঘটনার জন্য ইউপিডিএফ (প্রসিত) কে দায়ী করেছেন।

তবে এ নিয়ে ইউপিডিএফ দলের কোন বক্তব্য পাওয়া যায়নি। ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদ জানান, নিহত ইমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।