জনতা ডেস্ক: আবারও পর্দায় ফিরছে ১৯৯২ সালের জনপ্রিয় ভিডিও গেম ‘মর্টাল কম্ব্যাট’ অবলম্বনে নির্মিত সিনেমা সিরিজ ‘মর্টাল কম্ব্যাট ২’। ১৯৯৫ সালে প্রথম চলচ্চিত্র মুক্তির পর ১৯৯৭ সালে আসে ‘মর্টাল কম্ব্যাট: অ্যানিহাইলেশন’। যদিও শুরুতে সিনেমাগুলো প্রত্যাশা পূরণ করতে পারেনি, তবে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘মর্টাল কম্ব্যাট’ দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলে। শুক্রবার (৮ মে(আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে এই প্রতীক্ষিত অ্যাকশন-ফ্যান্টাসি চলচ্চিত্র। ২০২১ সালের ছবির মতোই এবারও পরিচালনায় আছেন সাইমন ম্যাকোয়েড। অভিনয়ে রয়েছেন কার্ল আরবান, লুইস টান, হিরোয়ুকি সানাদা, জো তাসলিম, অ্যাডলিন রুডলফ, জেসিকা ম্যাকনামি, যশ লসন, লুডি লিন, চিন হান ও ডেমন হ্যারিমেন।গল্পে দেখা যাবে পৃথিবী-রাজ্যের অস্তিত্ব রক্ষার লড়াই। ভয়ংকর শাসক শাও কানের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে নামবে চ্যাম্পিয়নরা। এবার তাদের সঙ্গে যোগ দেবে জনপ্রিয় চরিত্র জনি কেজ। তবে লড়াই সহজ হবে না।শাও কানের শক্তি এতটাই ভয়ংকর যে পুরো পৃথিবী-রাজ্য ধ্বংসের মুখে পড়বে। এমনকি চ্যাম্পিয়নদের মধ্যেও দ্বন্দ্ব তৈরি হতে পারে। এই সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহের বড় কারণ হলো, ‘মর্টাল কম্ব্যাট’ সিরিজের বিশ্বজুড়ে বিশাল ফ্যানবেজ রয়েছে। ২০২১ সালের সিনেমাটিও প্রত্যাশার চেয়ে বেশি জনপ্রিয়তা পায়, ফলে নতুন সিক্যুয়াল ঘিরে উত্তেজনা আরো বেড়েছে।
আবারও পর্দায় আসছে ‘মর্টাল কম্ব্যাট’
প্রকাশিতঃ মে ৬, ২০২৬, ১৫:০৫