রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গোলাবারুদসহ ৭ ডাকাত গ্রেফতার

প্রকাশিতঃ মে ৫, ২০২৬, ১৬:০০

মোঃ আবুতালেব সিকদার, রামু-কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামসহ ৭ সদস্যের একটি ডাকাত দলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে রামু থানাধীন রশিদনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ভোরে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায় একটি চৌকস দল।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদের নেতৃত্বে এসআই ও এএসআইদের সমন্বয়ে গঠিত দল সকাল ১০টা ১৫ মিনিটের দিকে রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— আমির হোসেন (কালাবাশি), হেলাল উদ্দিন, আবুল কাশেম, মো. আলমগীর, শফিউল করিম, সুবাস (শুভ রাজ) ও শেফায়েত নুর।

অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, কিরিচ, লোহার রড, পাইপ, হাতুড়ি, কাটার সরঞ্জাম, গ্রাইন্ডিং মেশিন, অস্ত্র তৈরির নকশা, চকলেট বোমা, বিপুল সংখ্যক গুলি ও কার্তুজসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।