সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা আব্দুর রেজ্জাক খান উচচ বিদ্যালয় নামে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে এক শিক্ষিকাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা হোসনেয়ারা খাতুন সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ তথ্যগুলো সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার ভাটারা আব্দুর রেজ্জাক খান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে মতবিরোধের জেরে গত সোমবার ( ২৬ এপ্রিল) দুপুরে স্থানীয় হাসমত আলী, হানিফ উদ্দিন, আলামিন ও সাইফুল খান এর নেতৃত্বে বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষকদের সামনে অশালীন আচরণ ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট শিক্ষিকাকে উদ্দেশ্য করে আপত্তিকর ভাষায় গালিগালাজ এবং প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষিকা হোসনেয়ারা খাতূন জানান, ঘটনার সময় উপস্থিত সহকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে নিরাপত্তাহীনতায় তিনি সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় ভাটারা আব্দুর রেজ্জাক খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারহানা খাতুন ঘটনার স্বীকার করে এবং বলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগকে কেন্দ্র করে দফায় দফায় একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।