অতিরিক্ত নৌকা ভাড়া আদায়ের প্রতিবাদে চরাঞ্চলবাসীর বিক্ষোভ- মানববন্ধন

প্রকাশিতঃ এপ্রিল ২৯, ২০২৬, ১৬:৩৫

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা পরিষদের নিয়ন্ত্রাধীন সুন্দরগঞ্জ উপজেলার কছিম বাজার খেয়াঘাটের অতিরিক্ত নৌকা ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষােভ মিছিল  করেছে বিক্ষুব্ধ চরাঞ্চলবাসী।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসুচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন, কাপাশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন এবং স্থানীয় ব্যক্তি লুতফর রহমান, ফুলমিয়াসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫ নম্বর কাপাশিয়া ইউনিয়নের কছিম বাজার খেয়াঘাটে ইজারাদার কর্তৃক অতিরিক্ত নৌকা ভাড়া আদায় করা হচ্ছে। নির্ধারিত ২০ টাকার পরিবর্তে ৩০ টাকা করে নৌকা ভাড়া নেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।তারা দ্রুত নৌকা ভাড়ার হার পুনর্নির্ধারণ করে আগের মতো ২০ টাকা নেওয়ার জোড় দাবি জানান।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ অতিরিক্ত নৌকা ভাড়ার বোঝা বহন করছে, যা বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাই প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে অতিরিক্ত টোল আদায় বন্ধ এবং ন্যায্য হার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে এবং পরে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক ডা: মইনুল হাসান সাদিক বলেন, ‘বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’