শাখাওয়াত হোসেন মোল্লা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে নারী মাদককারবারি মনিকা আক্তারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়।
গোপন সংবাদের মাথ্যমে সোমবার গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কেশবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিকা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। রোববার তার বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতেই মনিকার নিকট থেকে ইয়াবা কিনে ফেরার পথে আব্দুল জব্বার হাওলাদার নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদের মুখে স্বীকার করেন তিনি মনিকার নিকট থেকেই নিয়মিত মাদক কিনে করে সেবন করেন।
জব্বারের তথ্যের ভিত্তিতে শিবচর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে মনিকার বাড়িতে তল্লাশি চালানো হয়।
এ সময় মনিকা কৌশলে পালিয়ে গেলেও তার ঘর থেকে গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, বেশ কয়েকটি মোবাইল ফোন, হাতঘড়ি এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত জব্বারকে এক বছরের কারাদণ্ড দেন।
পুলিশ জানায়, অভিযানের পর থেকে মনিকা আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে তিনি গোপনে বাড়িতে ফিরে আসেন এমন সংবাদের ভিত্তিতে শিবচর থানা পুলিশ পুনরায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ দিকে, মাদককারবারি মনিকার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তার বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।