শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, জাহিদ হাসান (১৬), আবির (১৬) সজীব (১৬), আহাদ (১৬) ও পাপ্পু (১৬)। তারা সবাই উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের চলমান এসএসসি পরিক্ষার্থী। তাদের সবার বাড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে।
হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল বলন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমার স্কুলের দুজন শিক্ষককে পাঠানো হয়েছে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন পরিক্ষার হলে পাঠানো হয়েছে।
ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১২ টার একটু আগে দুজন আহত পরিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করছেন। তারা আহত অবস্থাই পরীক্ষায় অংশগ্রহণ করছে।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনার খবর পেয়েছি। তিনজন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়া হয়েছে। দুজন পরিক্ষা দিচ্ছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খুবই মর্মান্তিক দুর্ঘটনায় কবলিত হয়ে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের সার্বিক চিকিৎসার বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে।