গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় হানিফ মিয়া (২৭) নামের এক মাদকসেবী যুবক এবং গোবিন্দগঞ্জ উপজেলায় ৬০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) পৃথক স্থান থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ বাজার এলাকায় বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হানিফ মিয়ার মরদেহ পাওয়া যায়। তিনি ওই গ্রামের আব্দুস সালাম মিস্ত্রির ছেলে। রোববার রাতের কোনো একসময় সবার অজান্তে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সাঘাটা থানার (ওসি তদন্ত) মতিউর রহমান জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত আবু হানিফ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। একারণে তিনবার তিনি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন। মানসিক বিষাদ থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
অপরদিকে, গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজার এলাকায় সোমবার দুপুরে এক অজ্ঞাত নারীর (৬০) মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সরেজমিনে পরিদর্শনকারী পুলিশের এসআই এছাহাক আলী জানান, পরিচয় শনাক্ত না হওয়ায় লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।