খোরশেদ আলম সীমান্তঃ সাহিত্য চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার এবং সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা প্রসারের আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা। তারা বলেছেন, ‘যে হৃদয়ে কবিতার বাস ও গানের সুর অনুরণিত হয়, সে হৃদয় কখনো অসামাজিক বা অপরাধমূলক কাজে লিপ্ত হতে পারে না।’
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ইন্দিরা রোডে “অন্যধারা সাহিত্য সংসদের” নিজস্ব কার্যালয়ে আয়োজিত ৪৪৮তম সাহিত্য আড্ডায় বক্তারা এসব কথা বলেন।
অন্যধারা সাহিত্য সংসদের সভাপতি কবি কল্যাণ চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক জামাল উদ্দিন জামাল। অনুষ্ঠানের পুরো সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি শেখ মনিরুজ্জামান।
আড্ডায় বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ ও কিশোর সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সাংস্কৃতিক জাগরণ অত্যন্ত জরুরি। সাহিত্য ও কাব্য চর্চা বৃদ্ধির মাধ্যমেই সামাজিক অবক্ষয় ও মাদক নির্মূল করা সম্ভব। তবে তারা বিশেষভাবে উল্লেখ করেন যে, এই সাহিত্য চর্চা যেন অবশ্যই মূল্যবোধ ও আদর্শভিত্তিক হয়। কোনো ধর্মই অশুভ বা অপরাধমূলক কাজকে সমর্থন করে না; তাই সুস্থ ধারার সংস্কৃতির মাধ্যমেই সমাজকে পরিশুদ্ধ করতে হবে।
বক্তারা আরও স্মরণ করেন যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সুপ্ত প্রতিভা বিকাশে বাংলাদেশ টেলিভিশনে ‘নতুন কুঁড়ি’র মতো যে আয়োজন শুরু করেছিলেন, সেই ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন। এর ফলে শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি সৃজনশীল কাজে মনোনিবেশ করে দেশ গঠনে অবদান রাখতে সক্ষম হবে। বক্তাদের মতে, আমাদের সাহিত্য হতে হবে অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ এবং মেহনতী মানুষের জীবনের প্রতিচ্ছবি।
অনুষ্ঠানে আমন্ত্রিত কবি ও সাহিত্যিকরা তাদের স্বরচিত গল্প ও কবিতা পাঠ করেন। আড্ডার শেষে সুন্দর সমাজ গঠনে নিয়মিত সাহিত্য আড্ডা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।