ভালুকা,প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে জোরপূর্বক অর্থ আদায় ও এক নারীকে কক্ষে আটকে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রব অভিযোগ করেন, তার ছেলে আতাহাউল ইসলাম (১৪) স্থানীয় মাস্টার বাড়ি খিদমাতুল কুরআন হিফজ্ মাদ্রাসায় পড়াশোনা করে।
গত ২১ এপ্রিল আব্দুর রওফ মিয়ার স্ত্রী মারজিয়া আক্তার ছেলেকে দেখতে মাদ্রাসায় গেলে, মাদ্রাসার পরিচালক মোঃ ফরহাদ মিয়া তার সাথে খারাপ আচরণ করেন এবং ছেলের বকেয়া বেতনের কথা বলে ২১ হাজার টাকা দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, পরে বিকাল ৫টার দিকে তার স্ত্রী ১০ হাজার টাকা নিয়ে মাদ্রাসায় গেলে পরিচালক ওই টাকা নিয়ে বাকি টাকার জন্য চাপ প্রয়োগ করেন এবং একপর্যায়ে তাকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। খবর পেয়ে রাতে স্বামী সেখানে গিয়ে বাকি টাকা পরিশোধ করে স্ত্রীকে উদ্ধার করেন।
এ ঘটনায় ভুক্তভোগী দাবি করেন, এতে তার পরিবারের মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে। পরবর্তীতে আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করে তিনি প্রশাসনের কাছে অভিযোগ দাখিল করেন। ওই মাদ্রাসার পরিচালক মোহাম্মদ ফরহাদ মিয়ার সাথে একাধিক বার মোবাইল ফোনে যোগাযোগ করলেও পাওয়া যায়নি। মাদ্রাসা ভবনের মালিক ও ওই মাদ্রাসার সভাপতি জিয়াউর রহমান জিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিন্দনীয় বলে অবিহিত করেন। বিষয়টি তদন্ত করে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে ন্যায়বিচারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
ভালুকায় মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে অর্থ দাবী ও নারী আটকে রাখার অভিযোগ
প্রকাশিতঃ এপ্রিল ২৩, ২০২৬, ১৬:১৮