মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ২০ এপ্রিল রাত ৮টার দিকে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পুলেরঘাট বাজারের জালুয়াপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আবদুল মান্নান (৩৫) সদর উপজেলার জালুয়াপাড়া এলাকার বাসিন্দা নূরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলেরঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আবদুল মান্নানের কাছ থেকে ৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।