মীর সাজুু চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।
ভোলার চরফ্যাশনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির মাধ্যমে মোট ১৩ হাজার কৃষককে সহায়তা দেওয়া হচ্ছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা জানান, আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের এ ধরনের সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়ক হবে এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার দূরবর্তী ইউনিয়নগুলোতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে পর্যায়ক্রমে বীজ ও সার বিতরণ করা হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মসূচির সফল বাস্তবায়নে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ অফিসার সানাউল্লাহ আজমসহ স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।