আমরা যেন দেশের বিপক্ষে না যাই-কামরুল হাসান মিলন এমপি

প্রকাশিতঃ এপ্রিল ১৮, ২০২৬, ১৫:৩২

ময়মনসিংহ (ফুলবাড়িয়া) থেকে মোঃ আব্দুল জব্বার: ১৫১ ময়মনসিংহ ৬, ফুলবাড়ীয়া আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন এমপি বলেন, দলান্ধ বা ধর্মান্ধ হয়ে আমরা যাতে দেশের বিরুদ্ধে না যাই। এই রাষ্ট্র জাতি, ধর্ম-বর্ণ, নির্বিশেষে আমাদের সকলের। রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়ার এই সংস্কৃতিকে আমরা কবরস্থ করতে চাই।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১ঘটিকায় উপজেলার ঐতিহ্যবাহী পলাশীহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকের জ্ঞানের বাইরেও নৈতিক শিক্ষার গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। কলেজ কর্তৃপক্ষের দাবির প্রেক্ষিতে প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বহুতল ভবন নির্মাণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁঞা, প্রতিষ্ঠানটির এডহক কমিটির সাবেক সভাপতি মো: মোবারক হোসেন মল্লিক।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মজিবুর রহমান, হাজী কাসেম আলী কারিগরি কলেজ মুক্তাগাছার অধ্যক্ষ জাকির হোসেন, আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাদিম আহমেদ মারুফ প্রমূখ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ নাজমুল ইসলাম এবং প্রধান অতিথি উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণের পর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।