পিরোজপুরে মিছিল শেষে যুবলীগ কর্মী আটক

প্রকাশিতঃ মে ৮, ২০২৬, ১৪:৫৮

এস,এম সিপার,পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর শহরে আওয়ামী লীগ সমর্থিত ঝটিকা মিছিল শেষে শামীম সিকদার (৩৮) নামে এক যুবলীগ কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।

শুক্রবার সকাল ছয়টার দিকে শহরের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। আটক শামীম সিকদার পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকার মৃত হান্নান সিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন সিকদার সমর্থিত ৩০ থেকে ৩৫ জনের একটি দল যুবলীগের ব্যানারে শহরে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়।
এ সময় খবর পেয়ে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান তার অনুসারীদের নিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। ধাওয়ার মুখে অধিকাংশ মিছিলকারী পালিয়ে গেলেও শামীম সিকদার পালাতে ব্যর্থ হন। পরে তাকে আটক করে পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়।

জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান অভিযোগ করেন, মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বর্তমান সরকার, বিএনপি এবং দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশালীন স্লোগান দিচ্ছিল। এছাড়া তারা শহরে নাশকতার চেষ্টা করছিল বলেও দাবি করেন তিনি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান শামীম সিকদারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।