শিবচরে প্রক্সি দিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা, পরীক্ষার্থী বহিস্কার

প্রকাশিতঃ এপ্রিল ২৪, ২০২৬, ০৬:০৪

শাখাওয়াত হোসেন মোল্লা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলায় দাখিল পরীক্ষা চলাকালীন আরবি প্রথম পত্র পরীক্ষায় অন্য পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। এই ঘটনায় মূল পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে পা‌লি‌য়ে গে‌ছেন ভুয়া পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজ কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।

কেন্দ্র সূত্রে জানা যায়, পূর্ব খাস ফকির কান্দি দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মোঃ মেহেদী হাসান (১৮) এর পরিবর্তে মোঃ সাজিদ নামের এক ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করেন। কেন্দ্রে প্রবেশের সময় দায়িত্বরত কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের মুখে মোঃ সাজিদ পালিয়ে যান। প্রায় এক ঘণ্টা পর আসল পরীক্ষার্থী মোঃ মেহেদী হাসান কেন্দ্রে উপস্থিত হলে শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান এবং সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে মোঃ মেহেদী হাসান তার পরিবর্তে মোঃ সাজিদকে দিয়ে পরীক্ষা দেয়ানোর চেষ্টার কথা স্বীকার করেন। পরে তাকে বহিষ্কার করা হয়৷

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে পরীক্ষার্থী মোঃ মেহেদী হাসানকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। তবে পলাতক মোঃ সাজিদের পরিচয় ও ঠিকানা এখনও পাওয়া যায়নি। প্রশাসন ভুয়া পরীক্ষার্থী মোঃ সাজিদকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। এ ঘটনায় শিবচর থানায় মামলা রুজু করা হয়েছে।