ভালুকায় এক্সপেরিয়েন্স মিলের ড্রেন বন্ধ, পরিবেশ অধিদপ্তরের অভিযান

প্রকাশিতঃ এপ্রিল ২১, ২০২৬, ১৮:৩১

ভালুকা থেকে তমাল কান্তি সরকারঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় অবস্থিত এক্সপেরিয়েন্স মিলের ডমেস্টিক ওয়াটার ড্রেন বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযোগ রয়েছে, মিলটির বর্জ্য পানি অপরিকল্পিতভাবে নির্গত হয়ে আশপাশের পরিবেশ দূষণ করছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিলের ড্রেনের মাধ্যমে বর্জ্য পানি আশপাশের খাল ও জমিতে পড়ছিল, ফলে সৃষ্টি হচ্ছিল পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি। এ বিষয়ে একাধিক অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: ইকবাল হোসাইন।
পরিদর্শন শেষে কর্তৃপক্ষ ড্রেনটি বন্ধ করে দেয় এবং ভবিষ্যতে পরিবেশের ক্ষতি হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পরিবেশ দূষণ অনেকাংশে কমে আসবে।