ভালুকায় বনবিভাগের দাবীকৃত জমিতে ভবন নির্মাণের অভিযোগ

প্রকাশিতঃ এপ্রিল ১৭, ২০২৬, ১৬:২০

ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবণ কোঠা এলাকায় বনবিভাগের দাবীকৃত জমিতে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিরবাড়ী মৌজার ৮৭ নম্বর দাগভুক্ত ওই জমিতে জনৈক বিল্লাল হোসেন টিনের বেড়া দিয়ে একটি স্থাপনা নির্মাণ করছেন।
অভিযোগ রয়েছে, বনবিভাগের পক্ষ থেকে একাধিকবার বাঁধা দেওয়া হলেও তা উপেক্ষা করে গোপনে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন তিনি। টিনের বেড়ার আড়ালে কাজ চলায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বনভূমি রক্ষা পায় এবং অবৈধ দখল বন্ধ করা যায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।