পটিয়ায় খানমোহনা এলাকায় জনতা কর্তৃক ইয়াবা সম্রাট হিরু গ্রেফতার

প্রকাশিতঃ এপ্রিল ৯, ২০২৬, ১৯:০০

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু (৩৮) কে ইয়াবাসহ পুলিশে সোপর্দ করেছে জনতা। গতকাল বৃহস্পতিবার ৯ এপ্রিল পটিয়া উপজেলার দক্ষিণ ভূষি ইউনিয়নের খানমোহনা রেলস্টেশন এলাকায় ইয়াবা বিক্রি করতে গেলে স্থানীয়রা ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করে পুলিশে দিয়েছে। সে পটিয়া পৌরসভা ৩ নং ওয়ার্ড গুয়াদন্ডী এলাকার মৃত খলিলুর রহমান প্রকাশ মাদকাসক্ত খলিলের পুত্র বলে জানা গেছে। তার বিরুদ্ধে পটিয়া থানার এসআই সাখাওয়াত বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ধৃত ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু বোয়ালখালী উপজেলার নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম গত ১০ আগষ্ট ২০২৫ ইয়াবাসহ গ্রেপ্তার করলেও সে জেল থেকে বের হয়ে পুনরায় পটিয়া ও বোয়ালখালী উপজেলায় ইয়াবা ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। বোয়ালখালী থানার মামলা নং – ৫, তারিখ -১১/০৮/ ২০২৫ ইংরেজি।সে পটিয়া আমির ভান্ডার রেলগেইট, স্টেশন রোড, বিওসি রোড, মাতৃভান্ডার, খান মোহনা, খরনা ভাইয়ার দিঘির পাড়, কলরডেঙ্গা এলাকায় ইয়াবা ও বাংলা মদের পাইকারি ব্যবসায়ী। তার সহযোগী হিসেবে রয়েছে খান মোহনা এলাকার হেলাল উদ্দিন, পৌরসভা ৩ নং ওয়ার্ডে পুরাতন বাড়ি এলাকার মৃত শফিউল আলমের পুত্র শাহজাহান এবং একই ওয়ার্ডে ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু বড় ভাই শাহজাহান মিন্টু । মিন্টুর বিরুদ্ধে চান্দগাঁও থানার ইয়াবা মামলা নং ৩৭/৩৪৭ , তারিখ -২৪/০৯/২০১৭ ইংরেজি। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। দক্ষিণ ভূষি ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিব উল্লাহ জানান, দীর্ঘদিন ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু বোয়ালখালী – পটিয়া উপজেলা বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার খান মোহনা রেলস্টেশন এলাকায় ইয়াবা বিক্রি করতে আসলে স্থানীয়দের সহযোগিতায় ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনি মাদক মুক্ত এলাকা গড়তে এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতায় কামনা করেন।
এ বিষয়ে পটিয়া থানার ওসি তদন্ত যুযুৎ চাকমা জানান, ধৃত আসামির সাজ্জাদ হোসেন হিরু বিরুদ্ধে পটিয়া থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পটিয়া থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।