নরসিংদী প্রতিনিধিঃ রায়পুরায় একটি শিল্প কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) । অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও উদ্ধার করা হয়েছে।
নরসিংদী জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)’র এসআই(নিঃ)/মোবারক হোসেনের নেতৃত্বে এসআই(নিঃ)/জামিরুল ইসলাম এর সমন্বয়ে একটি চৌকস দল এই সফল অভিযান পরিচালনা করেন।
নরসিংদী ডিবি পুলিশ গোপন সংবাদ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৬ই এপ্রিল,২০২৬ তারিখ বিকেলে নরসিংদী মডেল থানার উপজেলা মোড় এলাকা থেকে প্রথমে মোঃ হৃদয় নামে এক ডাকাতকে গ্রেফতার করে। পরবর্তীতে হৃদয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা গাউসিয়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের অন্য সদস্য নূরে আলম ওরফে মিঠাইকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, গত ২২ শে মার্চ, ২০২৬ তারিখ দিবাগত রাতে রায়পুরা থানার মাহমুদাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বিএলএস নামক একটি ফ্যাক্টরিতে একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হানা দেয়। ডাকাতরা ফ্যাক্টরির নিরাপত্তা কর্মীদের জিম্মি করে মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় রায়পুরা থানায় একটি মামলা [মামলা নং-৫৫(৩)২৬] দায়ের করা হয়।
গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। নূরে আলম ওরফে মিঠাই এর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে মোট ০৮টি মামলা বিচারাধীন এবং মোঃ হৃদয় এর বিরুদ্ধে ইতিপূর্বে ০২টি ডাকাতি মামলা রয়েছে।
এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ০১ জন ডাকাত বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।