ইয়াবার হোলসেলার ইউপি সদস্য সাইদার আটক

প্রকাশিতঃ এপ্রিল ৬, ২০২৬, ১০:২২

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রীর চিহিৃত হোলসেলার ছাইদার রহমান (৫৭) নামের এক মেম্বার আটক হয়েছেন৷

সোমবার (৬ এপ্রিল) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভবানীপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে গাইবান্ধার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতারকৃত ছাইদার রহমান ভাতগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত  সদস্য এবং ওই এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ইউপি সদস্য ছাইদার রহমানের বাড়িতে অভিযান চালায় গাইবান্ধার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় বাড়ি তল্লাশি করে ৪০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক এনামুল হক বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাইদার রহমানকে একমাত্র আসামি করে মামলা করেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক এনামুল হক বলেন, ইউপি সদস্যের বাড়িতে মাদক পাওয়ায় তার বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ছাইদার রহমানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সুত্র জানায়, মেম্বার সাইদার রহমান দীর্ঘদিন থেকে ইয়াবা সহ মাদক ব্যবসার সাথে জড়িত। সাদুল্লাপুর ও পলাশবাড়ীর ইয়াবা বিক্রীর হোলসেলার নামে পরিচিত হলেও তিনি প্রশাসনের নাকের ডগায় রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন। পুলিশ ও মাদকদ্রব্য অফিসের সাথে তার সখ্যতাও ছিলো বেশ। সাইদার মেম্বার যেহেতু হোলসেলার,তাই তার কাছে হাজার হাজার পিছ ইয়াবা থাকার কথা। কিন্তু ৪০ পিছ ইয়াবা জব্দের বিষয়টি বিশ্বাসযোগ্য নয় বলেও অভিযোগ করেন এলাকাবাসী।