ভালুকায় কৃষি উপকরণ বিতরণে স্থবিরতা, ক্ষোভে কৃষকরা

প্রকাশিতঃ এপ্রিল ৫, ২০২৬, ০৫:১৭

ভালুকা প্রতিনিধিঃ দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের মাঝে সরকারি উদ্যোগে বীজ ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকলেও ময়মনসিংহের ভালুকা উপজেলায় এখনো এমন কোনো কার্যক্রম চোখে পড়েনি। এতে করে স্থানীয় কৃষকদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কৃষকরা জানান, চলতি মৌসুমে চাষাবাদের প্রস্তুতি নিতে বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ অত্যন্ত জরুরি। কিন্তু সরকারি সহায়তা না পাওয়ায় অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। ফলে সময়মতো জমিতে ফসল আবাদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
স্থানীয় একাধিক কৃষক অভিযোগ করে বলেন, দেশের অন্যান্য উপজেলায় যেখানে কৃষি প্রণোদনার অংশ হিসেবে বীজ ও সার বিতরণ করা হচ্ছে, সেখানে ভালুকার কৃষকরা বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। কৃষকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে ভালুকা উপজেলায় কৃষি উপকরণ বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে তারা নির্ধারিত সময়ে চাষাবাদ সম্পন্ন করতে পারেন।