ভালুকায় হাম রোগের প্রাদুর্ভাব নিয়ে আতঙ্ক, টিকাদান কার্যক্রমে অনিয়মের অভিযোগ

প্রকাশিতঃ এপ্রিল ৪, ২০২৬, ০৯:৩৪

ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন গ্রামে শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে টিকাদান কার্যক্রম নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
জানা গেছে, ভালুকা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রোগের টিকা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এমটি ইপিআই (ভারপ্রাপ্ত) আব্দুল হালিম গত ২৫ মার্চ ২০২৬ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি বাসায় অবস্থান করেই দায়িত্ব পালন করছেন।
এমটি ইপিআই আব্দুল হালিমের দায়িত্বের মধ্যে রয়েছে টিকা পরিবহন, সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, বিতরণ এবং টিকার হিসাব সংরক্ষণ—যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কাজ। কিন্তু তার অনুপস্থিতি টিকাদান কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে, অভিযোগ উঠেছে যে, কর্মস্থলে অনুপস্থিত থাকার পরও রহস্যজনক কারণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম (মোবাইল: ০১৯১৫৪৩৪৫৫৫) একই ব্যক্তিকে দিয়েই কার্যক্রম পরিচালনা করাচ্ছেন। বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৪০ জন স্বাস্থ্য সহকারী রয়েছেন, যারা এ ধরনের দায়িত্ব পালনে সক্ষম। তবে লোভনীয় এই দায়িত্বটি অন্য কাউকে দিতে অনীহা রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তার—এমন অভিযোগও শোনা যাচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্বাস্থ্যসেবায় নিয়োজিত সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে। এমন অবস্থায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কর্মস্থলে অনুপস্থিতি আরও উদ্বেগজনক বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।