সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মুনছুরনগর ইউনিয়নের পূর্ব মাজনাবাড়ী গ্রামে পূর্ব বিরোধের জের ধরে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী লাল চান ওরফে লালু মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) কাজীপুর আমলী আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় মৃত দানেছ মণ্ডলের ছেলে আফছার আলীকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিনের সামাজিক ও ব্যবসায়িক বিরোধের জেরে বুধবার (১ এপ্রিল) রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে লালু মিয়ার মুদি দোকানে হামলা চালায়। এ সময় দোকান ভাঙচুর করে প্রায় ৪ লাখ ২৯ হাজার টাকার মালামাল লুট করা হয় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা পরে তার বসতবাড়িতে ঢুকে দরজা-জানালা ভাঙচুর করে নগদ প্রায় ১৫ লাখ টাকা ও আনুমানিক ২ লাখ ৩০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নেয়। এছাড়া বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে আরও ক্ষতি সাধন করা হয়।
ভুক্তভোগীর দাবি, হামলায় মোট প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রভাবশালী হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
তবে অভিযুক্ত আফছার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, লালু মিয়া পেট্রোল মজুদ রেখে বেশি দামে বিক্রি করছিলেন। এতে স্থানীয়রা বাধা দিলে তিনি উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।
স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য মোতাহার হোসেন জানান, চাঁদা না পেয়ে একটি চক্র এ হামলা চালিয়েছে। তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
এ ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
পূর্ব বিরোধের জের ধরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা
প্রকাশিতঃ এপ্রিল ৩, ২০২৬, ১৮:৫৫