ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভালুকার ভান্ডাব এলাকায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, জনদুর্ভোগ চরমে

প্রকাশিতঃ এপ্রিল ২, ২০২৬, ১৪:১৭

ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ভান্ডাব এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেই গড়ে উঠেছে একটি বিশাল ময়লার ভাগাড়। এতে করে প্রতিদিন ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন স্থান থেকে এনে এখানে আবর্জনা ফেলা হচ্ছে। ফলে আশপাশ এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষ করে গরমের সময় দুর্গন্ধ আরও তীব্র হয়ে ওঠে, যা সহ্য করা দুষ্কর হয়ে পড়ে।
এলাকাবাসী অভিযোগ করেন, ময়লার স্তূপের কারণে সড়কের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। শিশু ও বয়স্করা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন। এছাড়া মাঝে মধ্যে ময়লার স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হলে ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়।
স্থানীয়রা দ্রুত এই ময়লার ভাগাড় অপসারণ করে নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন। তারা বলেন, প্রশাসনের নজরদারি বাড়ালে এ ধরনের পরিবেশ দূষণ থেকে এলাকাবাসী রক্ষা পাবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।