স্টাফ রিপোর্টার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষনা করেনি নির্বাচন কমিশন (ইসি)। তবে ডিএসসিসির ৬৪,৬৫ ও ৬৬ নং (তিন) ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের মনজয় ও ভালোবাসা অর্জনে আগে-ভাগেই নির্বাচনী মাঠে নেমেছেন।
প্রাপ্ত তথ্যমতে, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের ওয়ার্ডে প্রচারণা ও জনসংযোগ শুরু করেছেন, যা স্থানীয় রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি করেছে। এরআগে পবিত্র ঈদুল আজহায় সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ এবং পোস্টার-ব্যানারের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। একইসঙ্গে প্রার্থীরা স্থানীয় সমস্যা সমাধান এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৪ নম্বর ওয়ার্ডের শিক্ষা-সংস্কৃতির মানোন্নয়ন করে একটি আধুনিক মডেল ওয়ার্ড গড়তে চান যাত্রাবাড়ি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর প্রার্থী মো: জাকির হোসেন জিকু। কথা হয় তাঁর সঙ্গে। ৬৪ নং ওয়ার্ডের জলাবদ্ধতা, সব অবৈধ দখল মুক্তকরণ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজি নির্মূল করার প্রতিশ্রুতি দেন তিনি। একইসঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ওয়ার্ডটিকে গতিশীল রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বার বার কারানির্যাতিত বিএনপির এই নেতা। তিনি বলেন, ৬৪ নং ওয়ার্ডকে দারিদ্র্য বিমোচন করে সঠিক কর্মসংস্থানের মাধ্যমে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আধুনিক নাগরিক সুবিধা সংবলিত একটি ডিজিটাল ওয়ার্ড গঠন করা হবে। কাউন্সিলর পদপ্রার্থী জাকির হোসেন জিকু বলেন, আমি সুনামের সাথে মাতুয়াইল ইউনিয়নসহ ডেমরা-যাত্রাবাড়িতে দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে বিভিন্নপদে দায়িত্ব পালন আসছি। এলাকার নবীন-প্রবীণ ভোটারদের আর্শিবাদ নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তাদের সুখ-দু:খের কথা মাথায় রেখেই আসন্ন নির্বাচনকে চ্যলেঞ্জ হিসেবে নিয়েছি। তিনি বলেন, বংশানুক্রমিকভাবেই সামাজিক উন্নয়ন ও মানব সেবায় আমাদের পরিবার আজও কাজ করে চলেছে। দাদার আমল থেকেই আমরা স্কুল, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করেছি। তিনি বলেন, নাগরিক সুবিধা সংবলিত একটি মডেল ওয়ার্ড করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। আর দলমত নির্বিশেষে সর্বসাধারণের মতামতের ভিত্তিতে পরিকল্পিতভাবে ওয়ার্ডের উন্নয়ন করব। তিনি বলেন, জলাবদ্ধতা ও মাদক চিরতরে দূরীকরণে সর্বাত্মক লড়াই করবো। একপ্রশ্নের জবাবে তিনি বলেন, ৬৪ নং ওয়ার্ডের সাধারণ মানুষ প্রতিদিন আমাকে নিয়ে বিভিন্ন সামাজিক আচার-অনুষ্ঠানে গণসংযোগ চালাচ্ছেন, আবার কেউ কেউ মাথায় হাত ভুলিয়ে দোয়া করছেন। তাদের জন্য কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি। ইনশাআল্লাহ এই নির্বাচনে জয়লাভে আমি শতভাগ আশাবাদী। ৬৪ নম্বর ওয়ার্ডের মোট ভোটার প্রায় ২৩ হাজারের বেশি।
৬৫ নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলার প্রতিশ্রুতি: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে বিএনপির পরীক্ষিত নেতা শাহ আলম মুন্সী। বিগত ১৮ বছর যাবত তিনি আওয়ামী লীগের ধারা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি ৬৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৪০ বছরে বিএনপির রাজনীতিতে শাহ আলম মুন্সী নানা প্রতিকূলতার মাঝেও দলের প্রতি ছিলেন আনুগত্য ও অবিচল। গত ১৮ বছর দলীয় নির্দেশ মোতাবেক ৬৫ নং ওয়ার্ড নেতাকর্মীদের পাশে রয়েছেন। তাদের বিপদে-আপদে অভিভাবকের ভূমিকা পালন করেছেন তিনি। এবার নির্বাচনে অংশ গ্রহনের মধ্যদিয়ে এলাকার উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে রাস্তাঘাট, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা এবং মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশ তৈরিতে বিশেষ ভূমিকা রাখতে চান শাহ আলম মুন্সী। একইসঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে সবাই মিলে কাজ করার মাধ্যমে ৬৫ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও বসবাসযোগ্য ওয়ার্ড হিসেবে তৈরি করতে চান। তিনি এই পদক্ষেপগুলো বাস্তবায়নের মাধ্যমে ৬৫ নং ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
জানা গেছে, ৬৫নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড, যা অঞ্চল-৯ এর অন্তর্গত। এই ওয়ার্ডটি তুষারধারা আবাসিক এলাকা, গিরিধারা আবাসিক এলাকা, মোমেনবাগ, আদর্শবাগ, রহমতপুর, মধুবাগ, মুসলিমনগর, মোগল নগর, খুড়িয়াপাড়া, কেরানী পাড়া, দক্ষিণ পাড়া, ভূইয়া বাড়ী, খানবাড়ী, রায়েরবাগ, মুজাহিদ নগর, হাশেম রোড, রায়েরবাগ খানকা, মাতুয়াইল মেডিকেল ও বিশ্ব রোডের দক্ষিণ অংশ এলাকা নিয়ে গঠিত। এই ওয়ার্ডের ভোটার সংখ্যা ৪০ হাজার ৪৭৬ জন। পুরুষ ভোটার ২০ হাজার ৫৭৭ ও নারী ভোটার ১৯ হাজার ৮৯৯ জন।
রাস্তাঘাট সংস্কার, উন্নত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডকে (ডেমরা থানা) একটি আধুনিক ও উন্নত নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ (ওয়াদুদ)। এরআগেও তিনি ৬৬ নং ওয়ার্ডে নির্বাচনে অংশ নিয়েছিলেন। কথা হয় তরুন প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ (ওয়াদুদ) এর সঙ্গে। তিনি বলেন, ৬৬ নং ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতামুক্ত, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিতের মাধ্যমে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ওয়ার্ডে পরিণত হবে। একইসঙ্গে পরিচ্ছন্নতা ও নাগরিক সেবা নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়মিত তদারকির মাধ্যমে ময়লা অপসারণ ও মশক নিধন (এডাল্টিসাইডিং) কার্যক্রম পরিচালনা করা হবে। সামগ্রিকভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় ৬৬ নং ওয়ার্ডকে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও উন্নত আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। ৬৬ নং ওয়ার্ডটি ডেমরা থানার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (অঞ্চল-৮) এ অবস্থিত। এই ওয়ার্ডের অন্তর্ভুক্ত এলাকা হচ্ছে-ডগাইর, আংশিক বাঁশেরপুল, বামৈল, কোদাল দোয়া, সানারপার (সানারপার নুরে মদিনা জামে মসজিদ রোড, ডগাইর উত্তর নতুন পাড়া)।