সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ নলকা-সিরাজগঞ্জ মহাসড়কে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম।
বুধবার সকালে সিরাজগঞ্জ – নলকা মহাসড়কের সার্কিট হাউসের সামনে জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আরও উল্লেখ করেন যে, সড়কের দু’পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানোর মাধ্যমে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, তেমনি এটি ভবিষ্যতে অর্থনৈতিকভাবেও লাভজনক হবে। এই কর্মসূচির মাধ্যমে সরকারের পরিবেশবান্ধব উদ্যোগ আরও একধাপ এগিয়ে গেল। বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো সাইদুর রহমান বাচ্চু উপস্থিত সকলকে নিয়মিতভাবে গাছের পরিচর্যা করার জন্য আহ্বান জানান যাতে রোপিত চারা গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠতে পারে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।