মো. মঞ্জুর মোল্লা : মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) এর এক বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো: আল আমিন ওরফে ছোট আল আমিন (৩১)-কে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ঘনশ্যামপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আল আমিন শ্রীনগর থানার বিক্রমপুর আলমপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঘনশ্যামপুর এলাকায় অবস্থান নেয়। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তদন্তকারী কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত আল আমিনের বিরুদ্ধে ডিএমপি ঢাকার মতিঝিল থানায় ২০১৩ সালের একটি মাদক মামলায় (মামলা নং- ১৮(৯)১৩, ধারা- ১৯(১) এর টেবিল ৩(খ)) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ছিল। সাজা এড়াতে সে দীর্ঘ ১২ বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, আল আমিনের বিরুদ্ধে মতিঝিল থানাতেই আরও ৭টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। সে এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সে বারবার অবস্থান পরিবর্তন করত।
র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে র্যাব নিশ্চিত করেছে।
মুন্সীগঞ্জে র্যাবের ঝটিকা অভিযান: মতিঝিল থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘ছোট আল আমিন’ গ্রেফতার
প্রকাশিতঃ এপ্রিল ১, ২০২৬, ০৯:১৪