মাওলানা আবু তাহের নদভীর ইন্তেকাল শোকাহত আল-জামিয়া ইসলামিয়া পটিয়া পরিবার

প্রকাশিতঃ মার্চ ৩০, ২০২৬, ১৫:৪৯

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: দেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও শিক্ষাবিদ মাওলানা আবু তাহের নদভী ইন্তেকাল করেছেন। তাঁর ইন্তেকালের খবরে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, তিনি প্রায় এক মাস পূর্বে গ্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। সোমবার (৩০ মার্চ) দুপুর দেড়টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও তাঁর শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি।
মাওলানা আবু তাহের নদভী ছিলেন একজন নিবেদিতপ্রাণ দ্বীনি ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে ইলমে দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর তাফসির, হাদিস ও ফিকহভিত্তিক আলোচনা এবং ছাত্রদের প্রতি স্নেহ-মমতা তাঁকে একজন প্রিয় শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। অসংখ্য ছাত্র তাঁর কাছ থেকে ইলম অর্জন করে দেশ-বিদেশে দ্বীনের খেদমত করে যাচ্ছেন।
তাঁর ইন্তেকালে আল-জামিয়া ইসলামিয়া পটিয়া পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, মরহুমের ইলমী খেদমত, দ্বীনি অবদান এবং প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর নিরলস পরিশ্রম চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। এদিকে তাঁর ইন্তেকালের খবরে বিভিন্ন মহল থেকে শোক ও সমবেদনা জানানো হচ্ছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মরহুমের জন্য দোয়া ও তাঁর স্মৃতিচারণ করছেন।
মরহুমের জানাযার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং তাঁর কবরকে প্রশস্ত ও নূরে ভরপুর করে দিন। শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের সবর করার তাওফীক দান করুন আমীন।