কিশোরগঞ্জের অষ্টগ্রামের আব্দুল কাদির অবৈধভাবে গ্রীসে যাওয়ার পথে নৌকা ডুবির ঘটনায় বেঁচে ফিরে এসেছে

প্রকাশিতঃ মার্চ ৩০, ২০২৬, ১০:২৩

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি: দুবাই থেকে অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশি ১৮ জনের মৃত্যু হয়েছে। তবে এই বিপর্যয়ে ভয়ঙ্কর অবস্থায় বেঁচে ফিরেছেন কিশোরগঞ্জের আব্দুল কাদির নামের এক যুবক।

বেঁচে ফেরা আব্দুল কাদির কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম সাভিয়ানগর গ্রামের বাসিন্দা। তিনি এক সন্তানের জনক।

স্থানীয়রা জানান, ঝড় ও ভয়ঙ্কর অবস্থার মাঝেও আব্দুল কাদির বেঁচে ফিরেছেন। তার জীবনের এই কষ্ট স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আব্দুল কাদিরের বেঁচে যাওয়ার গল্প শুধু আশ্চর্যজনক নয়, এটি জানায় কতটা কঠিন ও ঝুঁকিপূর্ণ হতে পারে দালাল চক্রের মাধ্যমে প্রবাস যাত্রার চেষ্টা। এ ঘটনায় মানবপাচারের ভয়াবহতা, দালাল চক্রের প্রতারণা ও যুবকদের জীবন ঝুঁকির মধ্যে পড়ার বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে। কাদিরের বেঁচে ফেরার গল্প শুধু আশার আলো নয়, এটি সতর্কবার্তা যে জীবন ঝুঁকিতে ফেলার আগে সবসময় নিরাপদ ও বৈধ পথ অনুসরণ করতে হবে।

আব্দুল কাদিরের মা আম্বিয়া খাতুন বলেন, ‘‘আমার ছেলে প্রায় ১২-১৫ লাখ টাকা খরচ করে আব্দুল্লাহপুরের দালালের মাধ্যমে দুবাই থেকে গ্রিসে যাচ্ছিল। বড় নৌকায় যাওয়ার কথা ছিল। কিন্তু দালাল চক্র তাকে ছোট নৌকায় পাঠায়। অনেক মানুষ মারা গেছে। ঝড় ও ভয়ঙ্কর অবস্থার মাঝেও ছেলে বেঁচে ফিরেছে।’’