ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী রেঞ্জের মেহেরাবাড়ী বিট অফিসারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলো। সোমবার (৩০ মার্চ) এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মেহেরাবাড়ী বিট অফিসার মোঃ মশফিকুর রহমান (মানিক) দায়িত্ব পালনের নামে স্থানীয়দের সঙ্গে অসদাচরণ করছেন এবং বিভিন্ন কাজে হয়রানি করছেন। তারা অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিষয় ও ছোটখাটো স্থাপনা নির্মাণের ক্ষেত্রেও নানা অজুহাতে অর্থ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয় বলেও দাবি করেন বক্তারা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্মকর্তার বিচার দাবি করেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযুক্ত বিট অফিসার মোঃ মশফিকুর রহমান (মানিক) এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সম্প্রতি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মেহেরাবাড়ী এলাকায় গেলে শাকিল (গং) আমার ওপর হামলা চালায়। এতে আমি গুরুতর আহত হই এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছি।”
তিনি আরও জানান, এ ঘটনায় বনবিভাগ বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। তার দাবি, মামলা থেকে রেহাই পেতে বা উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার উদ্দেশ্যেই একটি পক্ষ মানববন্ধন আয়োজন করেছে।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
ভালুকায় বনবিভাগ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশিতঃ মার্চ ৩০, ২০২৬, ১০:০৯